সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
আগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে ভ্যাট রিফান্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর আইনে অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল বাধ্যতামূলক হলেও ভ্যাট আইনে এখনো সেই বাধ্যবাধকতা কার্যকর হয়নি। তবে আসন্ন বাজেটে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার বিধান যুক্ত করা হবে।
অনুষ্ঠানে তিনি ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের আওতাধীন তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট ফেরত প্রদান করে অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তিনি আরও জানান, এনবিআর ইতোমধ্যে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার উদ্যোগ নিয়েছে। যেসব করদাতা এখনো কাগজে ভ্যাট রিটার্ন দাখিল করছেন, তাদের আগামী মার্চ মাসের মধ্যে সেই রিটার্নগুলো ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করতে হবে। মার্চের পর তারাও অনলাইনে ভ্যাট নিবন্ধনের আওতায় আসতে পারবেন। এনবিআরের লক্ষ্য হলো সব ধরনের করসেবা পুরোপুরি ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা।
অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালুর ফলে করদাতাদের রিফান্ড আবেদন দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পন্ন করা সম্ভব হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এখন থেকে রিফান্ডের আবেদন করা কিংবা অর্থ গ্রহণের জন্য করদাতাদের আর ভ্যাট অফিসে উপস্থিত হতে হবে না। প্রয়োজনীয় তথ্য বা সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়।
নতুন অনলাইন রিফান্ড ব্যবস্থায় করদাতা তার মাসিক মূসক রিটার্ন দাখিলের সময় অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণ শেষে প্রাপ্য অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে।