সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ কিংবা বাতিল সংক্রান্ত আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়েরের সুযোগ শুরু হয়েছে আজ। আপিল জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
আপিল কার্যক্রম পরিচালনার জন্য রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে কেন্দ্রীয়ভাবে ১০টি বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথ নির্দিষ্ট অঞ্চলভিত্তিক জেলা অনুযায়ী আপিল গ্রহণ করবে।
১ নম্বর বুথে খুলনা অঞ্চলের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার আপিল গ্রহণ করা হবে।
২ নম্বর বুথে রাজশাহী অঞ্চলের জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার প্রার্থীরা আপিল করতে পারবেন।
৩ নম্বর বুথে রংপুর অঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার আপিল জমা নেওয়া হবে।
৪ নম্বর বুথে চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার আপিল গ্রহণ করা হবে।
৫ নম্বর বুথে কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে।
৬ নম্বর বুথে সিলেট অঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার আপিল দাখিল করা যাবে।
৭ নম্বর বুথে ঢাকা অঞ্চলের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আপিল গ্রহণ করা হবে।
৮ নম্বর বুথে ময়মনসিংহ অঞ্চলের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার আপিল জমা নেওয়া হবে।
৯ নম্বর বুথে বরিশাল অঞ্চলের বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার আপিল গ্রহণ করা হবে।
১০ নম্বর বুথে ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মনোনয়নপত্র সংক্রান্ত আপিল গ্রহণ করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে সংক্ষুব্ধ কোনো প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী সংস্থা অথবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন।
ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে সারা দেশের বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করা হবে।
আপিল আবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর নির্ধারিত ফরম্যাটে দাখিল করতে হবে। আবেদনের সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ উল্লেখ করে বিবৃতি এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
একটি মূল কপিসহ মোট সাতটি কপি নির্ধারিত অঞ্চলের বুথে জমা দিতে হবে। আপিল কর্তৃপক্ষের রায়ের কপি পেতে আলাদা ফরমে আবেদন করতে হবে, যা কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে।
দাখিলকৃত আপিলগুলো নির্বাচন কমিশন আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। এ সময় নিবন্ধিত রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।