সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) চালু করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি কর্তৃক প্রণীত সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে এসাইকুডা অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যসম্পদের সুরক্ষা জোরদার ও সম্ভাব্য ঝুঁকি কমানোর লক্ষ্যে এনবিআরে সিকিউরিটি অপারেশনস সেন্টার স্থাপন করা হয়েছে এবং এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এনবিআরের একটি বিশেষায়িত দল আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আন্তর্জাতিক মান অনুসরণ করে এসওসির কার্যক্রম পরিচালনা করছে। রোববার এনবিআর চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে নতুনভাবে স্থাপিত জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব এসওসির উদ্বোধন করেন।
এসওসির মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার পরিসরে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার হামলা, ঝুঁকি, সন্দেহজনক তৎপরতা এবং অন্যান্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে (২৪x৭) নজরদারি, শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।