শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেছেন, অতীতে আওয়ামী লীগের শাসনব্যবস্থা ছিল দুর্নীতিতে নিমজ্জিত ও অসুস্থ এক প্রশাসনিক কাঠামো। দেশের প্রতিটি খাতে দুর্নীতি এমনভাবে শেকড় গেড়েছিল যে এখন যেখানে হাত দেওয়া হচ্ছে, সেখানেই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে হচ্ছে।
মঙ্গলবার গাজীপুরের টঙ্গীতে অবস্থিত “শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট” এবং “মৈত্রী শিল্প” পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শারমীন এস. মুরশিদ বলেন, “যেখানে হাত দিচ্ছি সেখানেই দুর্নীতির চিহ্ন। মুক্তা পানির মতো প্রতিষ্ঠান এতদিনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কথা ছিল। অথচ এখনো বছরে প্রায় বাইশ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। আমি যদি সময় পাই, এই অযৌক্তিক ভর্তুকি বন্ধ করব।”
তিনি আরও বলেন, “টঙ্গীর মুক্তা পানি উৎপাদন প্লান্টটি শুধু একটি কারখানা নয়—এটি এক মানবিক প্রকল্প। এখানে প্রতিবন্ধী শ্রমিক ও কর্মচারীরা কাজ করেন, যা তাদের আত্মনির্ভরশীলতার পথ খুলে দিয়েছে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, টঙ্গী শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান এবং কারখানার ব্যবস্থাপক মো. মহসীন আলী।